শিরোনাম

রাঙ্গামাটি, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে রাবিপ্রবির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে রাবিপ্রবির বিজয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
এ সময় মুক্তিযুদ্ধের সকল শহীদ ও দেশের অগ্রযাত্রার পথে সকল আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত এবং বীর মুক্তিযোদ্ধাদের ও গণ-অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতাসহ বিশেষভাবে দোয়া করা হয়।
পরে রাবিপ্রবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাইস-চ্যান্সেলর স্বাধীনতার মহান আদর্শ, দেশের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের দর্শন বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। দেশের অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।