বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১৪:০৭
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৪:২০

যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত

বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসন ও যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ। ছবি: বাসস

যশোর, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের মনিহার চত্বরে বিজয়স্তম্ভে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। একইসঙ্গে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। 

পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নার্গিস ইসলামের নেতৃত্বে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮টায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই স্থানে সকাল পৌনে ৯টায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় যশোর টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। যোহর নামাজের পর বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

একইসঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সরকারি শিশু পরিবার (বালিকা), শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) ও যশোর কেন্দ্রীয় কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।