শিরোনাম

নেত্রকোণা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস): উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় জেলায় আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার প্রত্যুষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক, কালেক্টরেট ভবন প্রাঙ্গণ এবং সাতপাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সেখানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার এবং বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এছাড়াও মোক্তারপাড়া মাঠে বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিকেলে আধুনিক স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার (২৫ মার্চ) রাতে গণহত্যা দিবস স্মরণে রাত সাড়ে ১০টায় এক মিনিট পর্যন্ত জেলাজুড়ে প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩৫৬/এমএসআর