শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, ‘মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা আত্মত্যাগ ও বীরত্বের স্মারক।’
তিনি নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে, দিবসের কর্মসূচি হিসেবে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।