বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৭:৪৭

বিএমইউতে সেমিনার : ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ

ছবি : বাসস

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) ডেঙ্গুর পরিবর্তিত পরিস্থিতি, নতুন চ্যালেঞ্জ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে ‘ডেঙ্গু ২০২৬ : আপডেটস অন ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি যথেষ্ট নয়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণের মধ্যে প্রতিরোধমূলক আচরণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সঠিক সময়ে রোগ নির্ণয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়মতো রোগ নির্ণয় করা না হলে রোগীর অবস্থার অবনতি হতে পারে। তাই দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

সেমিনারে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগের জটিলতা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকিপূর্ণ রোগী শনাক্তকরণ এবং হাসপাতাল পর্যায়ে সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সেমিনারে বিএমইউর ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. এম. রাশেদ উল ইসলাম ‘দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব ডেঙ্গু ইন বাংলাদেশ : সেরোটাইপ ডাইনামিক্স অ্যান্ড ডিজিজ সিভিয়ারিটি’ এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ ‘আপডেটেড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক দুটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে সেমিনারে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সদস্য ও বিএমইউর কার্ডিওলজি বিভাগের হার্ট ফেইলিউর ডিভিশনের প্রধান সহযোগী অধ্যাপক ডা. ডিএমএম ফারুক ওসমানী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু হেনা চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং চিকিৎসক, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।