বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ২৩:৩৭

স্বেচ্ছায় রক্তদাতারা মানবতার ফেরিওয়ালা : ইউআইটিএস উপাচার্য

ছবি : বাসস

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেছেন, স্বেচ্ছা রক্তদাতারা আসলে মানবতার ফেরিওয়ালা। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে তারা স্রষ্টার সন্তুষ্টি লাভ করতে পারেন।   

আজ বিকেলে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহিত করতে রক্তদাতাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন তিনি। 

অনুষ্ঠানে কমপক্ষে ৩, ১০, ২৫ এবং ৫০ বার রক্ত দান করেছেন এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানায় কোয়ান্টাম।

অনুষ্ঠানে জানানো হয়, ল্যাব শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭ লক্ষাধিক মানুষকে রক্ত সহায়তা দিতে পেরেছে কোয়ান্টাম। এর মধ্যে ৪ লক্ষাধিক গ্রহীতাই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান।

এ সময় নিয়মিত রক্তদাতাদের মধ্য থেকে আবেগময় অনুভূতি প্রকাশ করেন ৫০ বারের রক্তদাতা নুরুল মুক্তাদির বাপ্পী ও ২৬ বার রক্তদানকারী ওয়াসিম মো. আদনানুল হক। এছাড়াও অনুভূতি ব্যক্ত করেন থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা সুমাইয়া আক্তার সিমি ও জুমান আল সাদ।

অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়া দেশে রক্তচাহিদা পুরোপুরি মেটাতে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের মানবিক এ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান আলোচকরা।