বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৮:৪৪

মানবদেহে হরমোনের সঠিক ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন চিকিৎসকরা

ছবি : বিএমইউ

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : মানবদেহে হরমোনের সঠিক ভারসাম্য রক্ষা, হরমোনের বিস্তর প্রভাব সম্পর্কে জানাসহ হরমোনজনিত রোগ নির্ণয় ও চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করেছেন চিকিৎসকরা।

আজ ‘ওয়ার্ল্ড হরমোন ডে ২০২৬’ উপলক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘ওয়ার্ল্ড হরমোন ডে ২০২৬’ পালন উপলক্ষ্যে গঠিত সাবকমিটি এই সেমিনারের আয়োজন করে।

বক্তারা বলেন, মানবদেহে হরমোনের প্রভাব ব্যাপক। ভারসাম্যপূর্ণ হরমোন নিশ্চিত করতে সঠিক জীবন-যাপন অপরিহার্য। হরমোনজনিত রোগসমূহ আগেভাগে নির্ণয় করে যথাযথ চিকিৎসাসেবা প্রদান করতে হবে। হরমোনের বিষয়টি মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানবদেহ, মানুষের জীবনের সাথে গভীরভাবে প্রভাবিত। মানবদেহের সঠিক ক্রিয়াকলাপ নিশ্চিত করতে ভারসাম্যপূর্ণ হরমোন বজায় রাখার কোনো বিকল্প নাই।

সেমিনারে এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. শারমিন জাহান ‘এন্ডোক্রাইন জেমস: লেশনস ফর্ম মোস্ট চ্যালেঞ্জিং কেসেস’ উপস্থাপনায় বিভিন্ন জটিল হরমোনজনিত রোগ নির্ণয়ের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা তার ‘হরমোন ম্যাটারস : এন্ডোক্রাইন হেলথ এ্যাক্রোস দ্য লাইফ স্পান’ উপস্থাপনায় বলেন, জীবনের প্রতিটা স্তরে হরমোনের প্রয়োজন অপরিহার্য। মানুষের বৃদ্ধি, বুদ্ধিমত্তা, বিপাকক্রিয়া, বংশবৃদ্ধি ও সকল কাজ সুচারুরূপে সম্পাদনের জন্য প্রয়োজন হরমোনের সঠিক ভারসাম্য। তাই রোগ মুক্ত থাকাসহ সুস্থ জীবনের জন্য হরমোনের সঠিক ভারসাম্য নিশ্চিত করা জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, মানবদেহের বিভিন্ন সিস্টেম, অঙ্গপ্রত্যঙ্গে হরমোনের গভীর প্রভাব রয়েছে এবং অনেক রোগও এই হরমোন দ্বারা বিশেষভাবে প্রভাবিত। চিকিৎসকদের নিত্যদিনের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটা মোকাবিলা করতে হয়। হরমোনের বিষয়ে জনসাধারণ এবং চিকিৎসক সকলেরই আরো জ্ঞান অর্জনসহ সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার সাব কমিটির সভাপতি ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহাবুব মুর্শেদের সঞ্চালনায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রমুখ বক্তব্য রাখেন।