শিরোনাম

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস): চীনের একটি প্রতিনিধিদল আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকারী প্রতিনিধিদলের মধ্যে ছিলেন চীনের কালচারাল কাউন্সিলর লি. শারপেন এবং থার্ড সেক্রেটারি ঝু ইয়ং।
বৈঠকে চীনের কুনমিং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিএমইউতে একটি আধুনিক জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি উচ্চতর মেডিক্যাল শিক্ষা, স্বাস্থ্য গবেষণা সম্প্রসারণ এবং সর্বাধুনিক চিকিৎসাসেবা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।
উভয় পক্ষ শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে জানানো হয়, চলতি মাসেই কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বিএমইউতে আসবেন। তারা ইউরোলজির জটিল অস্ত্রোপচার, আধুনিক চিকিৎসা পদ্ধতি, প্রশিক্ষণ প্রদান এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে একই দিনে উপাচার্যের কার্যালয়ে বিএমইউতে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রায়ান অ্যাঙ্গাস-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গত বছর আয়োজিত এক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ডা. নুরুন নাহার খানম আয়োজকদের পক্ষ থেকে প্রফেসর অ্যাঙ্গাসকে একটি প্রশংসাপত্র তুলে দেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাস যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড-এর সংক্রামক রোগ বিভাগের রিডার এবং মেডিকেল এডুকেশনের প্রফেসর অব প্র্যাকটিস হিসেবে কর্মরত। তিনি অক্সফোর্ড সেন্টার ফর ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড গ্লোবাল হেলথ-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
১৯৯৩ সালে নাফিল্ড ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল মেডিসিনে যোগদানের পর তিনি থাইল্যান্ড ও ঘানায় গুরুতর ম্যালেরিয়া ও মেলিওইডোসিস নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেন।
বর্তমানে তাঁর গবেষণার মূল ক্ষেত্র ক্লিনিক্যাল ট্রায়াল ও ভ্যাকসিন উন্নয়ন—বিশেষ করে কোভিড-১৯, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম এবং এন্টারিক জ্বর।
বিএমইউ কর্তৃপক্ষ মনে করছে, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান বিনিময় দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করবে এবং উন্নত চিকিৎসাসেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচন করবে।