শিরোনাম

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে মিথ্যা ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার করে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘এই যে কম বিদ্যুৎ থাকে এরও কিন্তু একটা ভাল দিক আছে। বিদ্যুৎ কম থাকার কারণে বিদ্যুৎ বিলও কম আসবে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেননি। ‘গুপ্ত টিভি’ নামের একটি সার্কাজম পেজের পোস্টকে আসল মন্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
এবিষয়ে রুহুল কবির রিজভীর এপিএস মো. জাহেদুল আলম বাংলাফ্যাক্টকে জানিয়েছেন, ‘এ ধরনের কোন কথা উনি বলেননি। এটা সম্পূর্ণ মিথ্যা।’
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।