বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট

ছবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের আসন ‘শূন্য ঘোষণা’ করার দাবিটিকে মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে যে, মির্জা আব্বাসের সংসদ সদস্য পদ বাতিল বা আসন শূন্য ঘোষণার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, সম্প্রতি “সংবিধানের ৬৭ (১) অনুচ্ছেদ অনুযায়ী মির্জা আব্বাসের সংসদ সদস্য পদ বিলুপ্ত ঘোষণা করে ঢাকা-০৮ আসন শূন্য ঘোষণা করা হয়েছে”—শিরোনামে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর ছবিসংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

বিষয়টি যাচাই করে বাংলাফ্যাক্ট দেখেছে, সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ উল্লেখ করে প্রচারিত এই দাবিটি সত্য নয়। গত ২৩ জুন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদকে আনুষ্ঠানিকভাবে জানান, “জনাব মির্জা আব্বাস আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থার ক্রমোন্নতি হচ্ছে। তিনি পুরোপুরি সুস্থ হলে যথাসময়ে সংসদ অধিবেশনে যোগ দেবেন।”

নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি। এর আগে গত ৩ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্পিকারকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গুরুতর অসুস্থতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি সুস্থ হতে তার আরও কিছু সময় লাগবে।

চিঠিতে আরও অনুরোধ জানানো হয়েছিল যে, মির্জা আব্বাস সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকগুলোতে তার অনুপস্থিতির সময়টুকুকে যেন বিধিমোতাবেক চিকিৎসা ছুটি হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ, তিনি সংসদের যথাযথ অনুমতি নিয়েই চিকিৎসা ছুটিতে রয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেছে বাংলাফ্যাক্ট।

এছাড়া দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ‘সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস’ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা ও শারীরিক পুনর্বাসন শেষে আগামী ২ সেপ্টেম্বর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং পেজ থেকে বাংলাদেশকে কেন্দ্র করে নানা ধরনের অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব বিভ্রান্তিকর তথ্য মূলত বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে সক্রিয় দল ও সংগঠন এবং বর্তমান বিএনপি সরকারকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ‘বাংলাফ্যাক্ট’ হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর একটি বিশেষায়িত ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া অসত্য তথ্য ও গুজব নিয়মিত যাচাই-বাছাই করে সত্য উন্মোচন করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সহায়তা করাই তাদের মূল লক্ষ্য।