বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ১৫:৫৪

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের সাজানো নাটিকার দৃশ্যকে বিএনপি নেতার গুলির দৃশ্য বলে প্রচার করে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, আশুলিয়ায় আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপির নেতার গুলি করে হত্যার দাবিতে একটি দৃশ্য ছড়ানো হচ্ছে। মূলত, প্রীতিদেব বিষ্ণোই নামে ভারতের একজন কনটেন্ট ক্রিয়েটরের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ১৩ নভেম্বরে প্রকাশিত একই ভিডিও পাওয়া গেছে। প্রীতিদেব বিষ্ণোইয়ের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে এমন অনেক সাজানো ভিডিও দেখা যায়।

ফ্যাক্টচেক টিম জানায়, সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে বিএনপির নেতা-কর্মীরা গুলি করে হত্যা করেছে ু এমন এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। আসলে এটি বাংলাদেশের কোনো ঘটনার দৃশ্য নয়। এটি ভারতীয় এক কন্টেন্ট ক্রিয়েটরের একটি সাজানো ভিডিওর দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।