শিরোনাম

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : সৌদি আরবে ইসলাম গ্রহণে আগ্রহী ব্যক্তিদের জন্য নওমুসলিম কার্ড সেবা চালুর ফটোকার্ডকে বাংলাদেশের বলে বিভ্রান্তি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে ‘ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহীদের জন্য নওমুসলিম কার্ড সেবা’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করেছে। পোস্টের মন্তব্যের ঘর পর্যবেক্ষণ করে দেখা যায়, অধিকাংশ পাঠকই বিষয়টিকে বাংলাদেশের মনে করে মন্তব্য করেছেন। তবে সংবাদটি বাংলাদেশের নয়।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, সম্প্রতি সৌদি আরবে ইসলাম গ্রহণে আগ্রহী ব্যক্তিদের জন্য নওমুসলিম কার্ড সেবা চালু করেছে। এই সংবাদের শিরোনামে স্থানের নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।