বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৭:৪০
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫

মতিঝিল থানা বিএনপির সভাপতিকে মারধরের দাবি ভুয়া ও মিথ্যা হিসেবে শনাক্ত

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : মতিঝিল থানা বিএনপির সভাপতিকে মারধরের দাবিটি ভুয়া ও মিথ্যা হিসেবে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, মতিঝিল থানা বিএনপির সভাপতিকে মারধরের দাবিটি ভুয়া ও মিথ্যা বলে শনাক্ত করা হয়েছে।

ফ্যাক্টচেক টিম জানায়, মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবু একজন নারীর কাছে ১ লাখ টাকা চেয়ে ব্যাগ টানাটানি শুরু করলে তাকে তৌহিদি জনতা ধরে মারধর করেছে এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। শিবলুর রহমান শিবু নামে মতিঝিল থানা বিএনপির কমিটিতে সভাপতি নেই। এই বিষয়ে অনুসন্ধানে ‘Janobani News। সংবাদ’ নামে ফেসবুক পেজে গত ২৪ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। ক্যাপশন থেকে জানা যায়, ব্যাংকের সামনে ৫ লাখ টাকা ছিনতাইচেষ্টার সময় এই ব্যক্তিকে আটক করে মারধর করা হয়।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে গত বছরের ৩০ আগস্টে প্রকাশিত বিএনপির মতিঝিল থানার আহ্বায়ক কমিটির তালিকা থেকে জানা যায়, এই কমিটির আহ্বায়ক হচ্ছেন মো. আলমগীর হোসেন। তাছাড়া, এই কমিটিতে শিবলুর রহমান শিবু নামে কারও নাম খুঁজে পাওয়া যায়নি। Faysal Alam নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গত ২৫ জুলাইয়ে এই বিষয়ে বিএনপির মতিঝিল থানার আহ্বায়ক মো. আলমগীর হোসেনের একটি মন্তব্য পাওয়া যায়। তিনি জানান, মারধরের শিকার ব্যক্তিকে তিনি চেনেন না এবং শিবলুর রহমান শিবু নামে কাউকে চেনেন না।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ছিনতাইচেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে; যা মিথ্যা।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।