বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১৩:৫৭

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের মিথ্যা দাবি ছড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করা হয়েছে। ছড়ানো ভিডিওটি কুমিল্লায় এক শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে এ সংসদ সদস্যের সাক্ষাতের ঘটনার।

ফ্যাক্টচেক অনুসন্ধান টিম জানায়, গত ৮ মে কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লায় ছিনতাইকারীদের হাতে খুন হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নগরীর রাজগঞ্জ এলাকায় তার বাসভবনে যান। এটি সেই ঘটনার দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।