বাসস
  ২১ জুলাই ২০২৬, ১৫:৩৮

মেট্রোরেলে হেডফোন ব্যবহার নিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস): মেট্রোরেলে চলাচলের সময় হেডফোন ব্যবহার নিয়ে ভারতের নিয়মকে বাংলাদেশের বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি ‘মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানা’ শিরোনামে একটি তথ্য গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সম্প্রতি ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানা আরোপ করে নতুন নিয়ম করা হয়েছে। এই সংবাদের শিরোনামে স্থানের নাম উল্লেখ না করা এবং বাংলাদেশের মেট্রোরেলের ছবি ব্যবহার করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।