শিরোনাম

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : পরীক্ষা পিছিয়ে দেওয়া বিষয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ভুয়া ভিডিও ছড়িয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নামে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার দাবিটি ভুয়া। মারধরের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে বলা হয়, চলছে আন্দোলনরত ছাত্রদের ওপর মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন, ছাত্রদলের সন্ত্রাসীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর করা নির্যাতনের চিত্র এটি! এটাই বিএনপির গণতন্ত্র।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গত ১৮ মে ওড়িশার বেরহামপুর শহরে একটি ব্যস্ত রাস্তায় মারধরের ঘটনাটি ঘটে। এটি সেই ঘটনার দৃশ্য।
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার দাবিটি ভুয়া ; মারধরের ভিডিওটি ভারতের।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি, সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
পিআইবির ‘বাংলাফ্যাক্ট’ ফ্যাক্ট-চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।