বাসস
  ১৫ জুলাই ২০২৬, ১৭:২৯

এইচএসসি পরীক্ষা নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে : বাংলাফ্যাক্ট

ছবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস): এইচএসসি পরীক্ষা নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, পরীক্ষা পেছানো সংক্রান্ত নিউজ টোয়েন্টিফোরের শিরোনামে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গণমাধ্যমটির এমন শিরোনাম পাঠকদের মনে বিভ্রান্তি তৈরি করছে।

বাংলাফ্যাক্ট জানায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪ আজ তাদের ফেসবুক পেজে ‘দুই পরীক্ষা স্থগিত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। মন্তব্যের ঘরে প্রাপ্ত বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় মাস্টার্স ও ডিগ্রি পাস কোর্সের দু’টি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) এ দু’টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে গণমাধ্যম প্রতিষ্ঠানটির এমন শিরোনামে পাঠকরা বিভ্রান্ত হচ্ছেন বলে বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।