বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১৪:০৬

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা,  ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, রাজশাহীর যুবলীগ নেতা তুষারকে ছাত্রদল নেতা দিদারুল ইসলাম কুপিয়ে হত্যা করেছে— এমন দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।

একই ভিডিও বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে ছড়ানো হচ্ছে। 
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। বরং, এটি ভারতের গুজরাটের রাজকোট জেলায় গত ৭ জুলাইয়ের ঘটনা।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে, বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।