শিরোনাম

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাকে বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে| প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ এ অপপ্রচার শনাক্ত করেছে|
বাংলাফ্যাক্ট জানায়, ‘বাংলাদেশে এক মেয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে’ এমন দাবি করে মরদেহ উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে|
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়| ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে গত শনিবার (৪ জুলাই) ১২ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়| পরদিন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়| ভিডিওটি ওই ঘটনার|
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে|
পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন বিষয়েও বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে|
বাংলাফ্যাক্ট হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম| তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে প্রকৃত তথ্য তুলে ধরে| একই সঙ্গে গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণাও পরিচালনা করে|
বাংলাফ্যাক্ট ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে| বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে|