বাসস
  ০২ জুলাই ২০২৬, ২২:০৬

তুরাগ নদে লাশ উদ্ধারের গুজব ও অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট 

ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস): সাঙ্গু নদীতে পানিতে ডুবে একজনের মৃত্যুর ঘটনাকে তুরাগ নদে লাশ উদ্ধার বলে ছড়িয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, তুরাগ নদে আরেফিন নামে একজনের লাশ পাওয়া গেছে দাবি করে সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ দিন পর ২৪ জুন মো. আরেফিন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়; এটি সেই ঘটনারই ভিডিও। সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ জুন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে সাঙ্গু নদীতে হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে যায় আরেফিন এবং প্রবল স্রোতে ভেসে পানিতে ডুবে যায়।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।