শিরোনাম

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস) : রাম মন্দিরের ব্যাপারে সেনাপ্রধানের নামে ছড়ানো বক্তব্যটি ভুয়া ও মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, রাম মন্দির বিষয়ে সেনাপ্রধানের নামে ছড়ানো বক্তব্যটি ভুয়া বলে শনাক্ত করা হয়েছে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, তিনি রংপুরের একটি রাম মন্দিরের মালামাল ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। বাস্তবে সেনাপ্রধান এই ধরনের কোনো বক্তব্য বা নির্দেশ দেননি।
ওই দাবি সম্বলিত একটি ভিডিওতে ১৫ লক্ষাধিক ভিউ হয়েছে। রুহুল আমিন ০০১ নামের আইডি থেকে প্রায়ই এই ধরনের অপতথ্য ছড়িয়ে কনটেন্ট বানানো হয় বলে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে। এছাড়া উক্ত দাবি সম্বলিত একটি ফটোকার্ডও ছড়ানো হয়েছে। আলোচিত দাবি সম্বলিত পোস্টগুলোতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। পাশাপাশি কোনো গণমাধ্যম সূত্রেও এই দাবির সত্যতা পাওয়া যায়নি।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রংপুরের একটি রাম মন্দিরের মালামাল ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেনÑ এমন দাবি করে ছড়ানো তথ্যটি মিথ্যা হিসেবে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।