শিরোনাম

ঢাকা, ২৫ জুন, ২০২৬ (বাসস) : আগুনে কয়েকটি বাড়ি ও দোকান পুড়ে যাওয়ার একটি পুরোনো ঘটনাকে সাম্প্রদায়িক হামলা বলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর ঘটনা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, পটুয়াখালী শহরে ইসলামপন্থীরা হিন্দুদের পাঁচটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে- এমন দাবি তুলে এক নারীর আহাজারির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে দেওয়া হয়।
তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি পটুয়াখালীতে ২০২৫ সালের ৬ মার্চ আগুনে কয়েকটি বাড়ি ও দোকান পুড়ে যাওয়ার ঘটনার। এ ঘটনার সঙ্গে ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো বিষয়ের সম্পর্ক নেই।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
এছাড়া সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি এবং নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট হলো পিআইবির ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। প্রতিষ্ঠানটি নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে প্রকৃত তথ্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদবিষয়ক গবেষণা পরিচালনা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও বিভ্রান্তিকর তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।