শিরোনাম

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস) : পুরোনো একটি ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, যশোরে ঈদের দিন বাড়িতে আসায় বিএনপির কর্মীরা এক ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতন করেছে- এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তবে যাচাই-বাছাই করে বাংলাফ্যাক্ট দেখেছে, ভিডিওটির সঙ্গে প্রচারিত দাবির কোনো সত্যতা নেই।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে উন্মুক্ত জলাশয়ে টেঁটা দিয়ে মাছ শিকারের সময় গত বছর নুরুল আলম নামে এক যুবককে চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছিল। ভাইরাল ভিডিওটি ওই ঘটনারই দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে প্রকৃত তথ্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ বিষয়ে গবেষণা পরিচালনা করে।
বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।