শিরোনাম

ঢাকা, ২২ মে, ২০২৬ (বাসস) : ভিন্ন একটি ঘটনার ভিডিও দিয়ে নারী সমন্বয়কের ওপর যুবদলের হামলার দাবিতে ছড়ানো অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, নারী সমন্বয়কের ওপর যুবদলের হামলার দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে ভারতের একটি ঘটনার। সম্প্রতি ফেসবুকে একটি মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ক্যাপশনে দাবি করা হয়- বাংলাদেশে মধ্যরাতে ‘নীলিমা’ নামের এক সমন্বয়কের ওপর যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়; এটি ভারতে সংঘটিত সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার দৃশ্য।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, ভিডিওটির সত্যতা যাচাইয়ে এর কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে চলতি বছরের ১৯ মে প্রকাশিত একই ধরনের একটি ভিডিও পাওয়া যায়।
জানা যায়, ঘটনাটি ভারতের ওড়িশা রাজ্যের বেরহামপুর শহরের গিরি রোড এলাকায় ঘটেছিল। স্থানীয় গণমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান অনুযায়ী, এটি বাংলাদেশের কোনো ঘটনা নয় এবং এর সঙ্গে দেশের কোনো ছাত্র সমন্বয়ক বা রাজনৈতিক দলের সম্পৃক্ততার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
সব তথ্য বিশ্লেষণ করে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় থেকে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে সরকার গঠনের পর বিএনপিকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ নিয়মিতভাবে এসব বিষয় যাচাই করে সত্য তথ্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।