বাসস
  ১৯ মে ২০২৬, ১০:৩৮

নাটকের দৃশ্য ছড়িয়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবি শনাক্ত 

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে নাটকের দৃশ্য ছড়িয়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবি ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং প্রকাশ্যে এক যুবককে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। বলা হচ্ছে, দেশ আফগানিস্তানের মতো অনিরাপদ ও অস্থিতিশীল হয়ে পড়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়ানো হচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।