শিরোনাম

ঢাকা, ১৫ মে, ২০২৬ (বাসস): একটি গণমাধ্যমের ফটোকার্ড বিকৃত করে বাংলাদেশকে জাড়িয়ে ট্রাম্পের নামে ভুয়া তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, “বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৫২তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট”এমন শিরোনামে দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সেখানে বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র দেখা যায়, যার ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার আদলে গ্রাফিক বসানো রয়েছে। এছাড়া মানচিত্রের ঠিক ডান পাশে ওপরের কোনে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে এবং ছবির ওপরের অংশে বড় অক্ষরে লেখা রয়েছে ‘৫২তম স্টেট’।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এমন কোনো পোস্ট দেননি। পাশাপাশি, দৈনিক যুগান্তরও এই সংক্রান্ত কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে গত ১৩ মে প্রকাশিত একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিকৃত করে এই ভুয়া কার্ডটি তৈরি করা হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।