বাসস
  ১৪ মে ২০২৬, ১৩:৫৭

মেক্সিকোর ভিডিও ইডেন কলেজের নামে প্রচার: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : সামাজিক যোগাযোগমাধ্যমে ইডেন কলেজের ঘটনা বলে প্রচার করা একটি ভিডিও আসলে মেক্সিকোর বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে দুই নারীর মারামারির একটি ভিডিও ইডেন কলেজের ঘটনা হিসেবে ছড়িয়ে দেওয়া হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ইডেন কলেজের নয়, বরং মেক্সিকোর একটি ঘটনার।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হলে একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়, যেখানে আলোচিত ভিডিওটি রয়েছে। ওই অ্যাকাউন্টের নাম ÔOut of Context YucatánÕ|

অনুসন্ধানে দেখা যায়, পোস্টটির সঙ্গে যুক্ত অবস্থান মেক্সিকোর ইউকাতান অঞ্চলের একটি এলাকা। ভিডিওটির ক্যাপশনে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, যার অর্থ দাঁড়ায়- ‘চুমায়েলে আবর্জনার মধ্যে বক্সিং’। চুমায়েল ইউকাতানের একটি স্থান।

অ্যাকাউন্টটির অ্যাবাউট সেকশনেও উল্লেখ রয়েছে, এটি মেক্সিকো থেকে পরিচালিত। ফলে নিশ্চিতভাবে বোঝা যায়, ভিডিওটি বাংলাদেশের ইডেন কলেজের নয়।

ফ্যাক্টওয়াচ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দেশি-বিদেশি বিভিন্ন অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

ফ্যাক্টওয়াচ জানিয়েছে, দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে তারা নিয়মিত কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস)-এর পরিচালনায় একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সংস্থাটি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে। 

ফ্যাক্টওয়াচ নিয়মিতভাবে এসব যাচাই করে সঠিক তথ্য তুলে ধরছে এবং অপতথ্য প্রতিরোধে কাজ করছে।