বাসস
  ১৪ মে ২০২৬, ১৩:৪৫

প্রতিবন্ধী ভাতা বন্ধের দাবি মিথ্যা: বাংলাফ্যাক্ট

ছবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : ক্ষমতাসীন সরকার প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিয়েছে; এমন মিথ্যা দাবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় যে, বর্তমান সরকার প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিয়েছে।

তবে বাংলাফ্যাক্ট যাচাই-বাছাই করে দেখেছে, এ দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ওই দাবিতে প্রচার করা ভিডিওটি গত ১০ মে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বধির ও শ্রবণপ্রতিবন্ধীদের মানববন্ধনের ভিডিও।

কফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করা হচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

‘বাংলাফ্যাক্ট’ হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। প্রতিষ্ঠানটি নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক তথ্য প্রকাশ এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে থাকে।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, তারা ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।