শিরোনাম

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : কলম্বিয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও ব্যবহার করে রাজধানীর পল্লবী থানা আক্রমণের গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, কয়েকজন ব্যক্তিকে রাতের অন্ধকারে গুলি করে পালিয়ে যেতে দেখা যায়- এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, মধ্যরাতে রাজধানীর পল্লবী থানা লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে।
তবে ফ্যাক্টওয়াচ অনুসন্ধানে দেখতে পায়, এটি আসলে কলম্বিয়ার এক কন্টেন্ট ক্রিয়েটরের শুটিং করা স্ক্রিপ্টেড ভিডিও।
ফ্যাক্টওয়াচ জানায়, অনুসন্ধানের শুরুতে ভিডিওটির বিভিন্ন ‘কি-ফ্রেম’ ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ইনস্টাগ্রামে একটি পোস্ট পাওয়া যায়, যেখানে আলোচিত ভিডিওটি ছিল।
ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিল Behind the scenes@destacar ‘বিহাইন্ড দ্য সিন’ শব্দগুচ্ছ সাধারণত কোনো শুটিং বা নির্মাণকাজের অন্তরালের দৃশ্য বোঝাতে ব্যবহার করা হয়।
সংশ্লিষ্ট আইডির ‘অ্যাবাউট’ অংশে দেখা যায়, এটি কলম্বিয়া থেকে পরিচালিত। এছাড়া ওই আইডিতে যুক্ত ইউটিউব লিংকে গিয়ে দেখা যায়, কন্টেন্ট ক্রিয়েটরের নাম জেসাস মারটিনেজ। তার ইউটিউব চ্যানেলে এ ধরনের অনেক ছোট ছোট ভিডিও রয়েছে।
পরে একই নামে ফেসবুকে অনুসন্ধান করে সংশ্লিষ্ট একটি ফেসবুক আইডিও পাওয়া যায়। ইনস্টাগ্রামে পোস্টের তারিখ ১৫ এপ্রিল ২০২৬ ধরে ফেসবুকে অনুসন্ধান চালিয়ে আলোচিত ভিডিওটির উৎস শনাক্ত করা হয়।
ফ্যাক্টওয়াচ জানিয়েছে, ভিডিওটি লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার এবং এটি বাস্তব কোনো হামলার ভিডিও নয়। এটি একটি স্ক্রিপ্টেড ভিডিও। ফলে ‘পল্লবী থানা লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি’ দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
এসব অপতথ্য বিশেষ করে সরকার গঠনের পর বিএনপিকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে তারা।
দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্টচেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে।
ফ্যাক্টওয়াচ এসব তথ্য নিয়মিত যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।