শিরোনাম

ঢাকা, ৬ মে, ২০২৬ (বাসস) : এআই দিয়ে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যেই প্রতারক চক্র অপপ্রচার চালাচ্ছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, গতকাল (৫ মে) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষা হয়েছে। তবে এই পরীক্ষাকে কেন্দ্র করে গত ৩ মে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, মাত্র ২শ’ টাকার বিনিময়েই মিলছে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের প্রশ্নপত্র।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ২শ’ টাকায় এসএসসির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পরীক্ষার প্রশ্নপত্র মিলছে দাবিটি মিথ্যা। প্রশ্নপত্র ফাঁসের দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি মূলত এআই দিয়ে তৈরি। এই ভুয়া প্রশ্নপত্রের সঙ্গে এসএসসির প্রচলিত প্রশ্নপত্রের কোনো মিল নেই। মূলত সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যেই প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।