বাসস
  ০৫ মে ২০২৬, ১২:৪৭

বিএনপি কর্মীদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ

ঢাকা, ৫ মে, ২০২৬ (বাসস): ফরিদপুরের এক শিশুহত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, বিএনপি কর্মীরা আওয়ামী লীগ নেতার মেয়েকে হত্যা করেছে বলে ছড়িয়ে পড়া দাবিটি ভুয়া বলে শনাক্ত করা হয়েছে।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘গাজীপুরে ব্রিজের নিচে আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির সন্ত্রাসীরা বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যা করেছে।’

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিকটিম গাজীপুরের নয় বরং ফরিদপুর সদরের বাসিন্দা। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার বা পুলিশের পক্ষ থেকে কোনো রাজনৈতিক যোগসূত্র পাওয়া যায়নি। 

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে বিভিন্ন কি-ফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে ‘গণকণ্ঠের ফরিদপুর’ নামক একটি ফেসবুক পেজে গত ৩০ এপ্রিল আপলোড করা হুবহু একই ভিডিও পাওয়া যায়। 

ভিডিওর বর্ণনা অনুযায়ী, ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের আদর্শগ্রাম এলাকা থেকে গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে ‘কবিতা’ নামে এক শিশু নিখোঁজ হয়। ছয়দিন পর একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একই ঘটনা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়। পুলিশি তদন্ত ও আসামির জবানবন্দি অনুযায়ী, ইসরাফিল নামে এক মাদকাসক্ত যুবক ভিমকটিমকে ধর্ষণের চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় পুলিশ ইতোমধ্যে মূল হত্যাকারীসহ তিনজনকে গ্রেফতার করে।

পরে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন সংবাদ সম্মেলনে পুরো ঘটনার বিবরণ দেন। সেখানে তিনি বা অন্য কোনো পুলিশ কর্মকর্তা ভুক্তভোগীর পরিবারকে আওয়ামী লীগ এবং হত্যাকারীকে বিএনপি নেতা বা কর্মী হিসেবে উল্লেখ করেননি। 

এছাড়া নির্ভরযোগ্য কোনো মাধ্যমেও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো প্রতিহিংসার প্রমাণ মেলেনি। তাই সবকিছু বিবেচনা করে এই পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। 

ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।