বাসস
  ০৫ মে ২০২৬, ১১:২৬

ফটোসাংবাদিককে পুলিশ পিটিয়েছে দাবীতে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা: ফ্যাক্টওয়াচ

ঢাকা,  ৫ মে, ২০২৬ (বাসস) : সম্প্রতি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও দিয়ে ফটোসাংবাদিককে পুলিশ পিটিয়েছে; এমন দাবীতে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে রাস্তায় ফেলে পেটাচ্ছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে।

ক্যাপশনে বলা হচ্ছে, ‘শিক্ষার্থীদের মারামারির ছবি তোলায় সাংবাদিককে পেটাল পুলিশ’। অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি এআই ব্যবহার করে বানানো হয়েছে।

পর্যালোচনা করে ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের অবাস্তব গতিবিধি লক্ষ্য করা যায়। যে ব্যক্তিকে পেটানো হচ্ছে তার চেহারা অস্বাভাবিক দেখায়। পেছনে দৌড়ানো দুই নারী অবয়বের চলাফেরাও বাস্তব মনে হয় না। এ ধরনের বিচ্যুতি সাধারণত এআই নির্মিত ভিডিওতে দেখা যায়। এ ছাড়া ভিডিওটি এ আই শানাক্তকারী টুল ডিপফেক ও মিটার (উববঢ়ভধশব ড় গবঃবৎ) দিয়ে যাচাই করে শতভাগ এআই নির্মিত হওয়ার সম্ভাবনা পাওয়া যায় বলে ফ্যাক্টওয়াচ জানিয়েছে।

ফ্যাক্টিওয়াচ অনুসন্ধান টিম জানায়, ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম- ‘শিক্ষার্থীদের মারামারির ছবি তোলায় সাংবাদিক পেটাল পুলিশ’।

এই প্রতিবেদনের সঙ্গে যে স্থির ছবি যুক্ত রয়েছে, সেটির স্থান ও ব্যক্তিদের পোশাক আলোচিত ভিডিওর সঙ্গে মিলে যায়। এই ছবিটি ব্যবহার করে আলোচিত ভিডিওটি বানানো হয়েছে বলে ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে পুলিশ ফটোসাংবাদিককে পিটিয়েছে- এমন কোব খবর সংবাদমাধ্যমে পাওয়া যায় না। ফলে সঙ্গত কারণে, এই ভিডিওযুক্ত পোস্টগুলোকে বিকৃত সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। 

ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।