শিরোনাম

ঢাকা, ৪ মে, ২০২৬ (বাসস): দিপু দাস হত্যাকাণ্ডের ভিডিওকে আওয়ামী লীগ নেতাকে পুড়িয়ে হত্যার ভিডিও বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, দিপু দাস হত্যাকাণ্ডের ভিডিওকে আওয়ামী লীগ নেতাকে পুড়িয়ে হত্যার ভিডিও বলে প্রচার শনাক্ত করা হয়েছে। আওয়ামী লীগের এক নেতাকে বাড়ি থেকে ধরে এনে পুড়িয়ে হত্যার ঘটনা দাবি করে এ হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে দিপু চন্দ্র দাস নামের এক যুবককে পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও এটি।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।