বাসস
  ০৪ মে ২০২৬, ২০:১৭

এআই দিয়ে সম্পাদনা করে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ৪ মে, ২০২৬ (বাসস): এআই দিয়ে সম্পাদিত এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামীকাল (৫ মে) ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, এই পরীক্ষাকে কেন্দ্র করে গতকাল (৩ মে) থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এসএসসির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি মূলত এআই দিয়ে তৈরি। ২০২৫ সালের এসএসসির ময়মনসিংহ বোর্ডের প্রশ্নপত্রের  ছবিকে এআই দিয়ে সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।