বাসস
  ০৪ মে ২০২৬, ১০:২৯

এআই দিয়ে সম্পাদনা করে এসএসসি’র গণিত প্রশ্নফাঁসের দাবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ৪ মে, ২০২৬ (বাসস) : দাখিল পরীক্ষার প্রশ্নপত্রকে এআই দিয়ে সম্পাদনা করে এসএসসির গণিত প্রশ্নফাঁসের ভুয়া দাবি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, গতকাল (৩ মে) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এ পরীক্ষাকে কেন্দ্র করে গত ২ মে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এসএসসির গণিত পরীক্ষার প্রশ্নপত্র দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি মূলত এআই দিয়ে তৈরি। গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত দাখিল পরীক্ষার গণিতের প্রশ্নপত্রের ছবিকে এআই দিয়ে সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।