বাসস
  ০২ মে ২০২৬, ১২:০৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে একাধিক মন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২ মে, ২০২৬ (বাসস) : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে একাধিক মন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, ফেসবুকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃত করে সম্প্রতি দুটি ফটোকার্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। 

কার্ড দুটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে দুটি উক্তি দেখা যাচ্ছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে, এই দুই মন্ত্রীর এ ধরনের বক্তব্য নির্ভরযোগ্য কোনো সূত্রে খুঁজে পাওয়া যায়নি। বিভ্রান্তি সৃষ্টির জন্য এরূপ ফটোকার্ড ছড়িয়ে দেয়া হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সরকার গঠনের পর, বিশেষ করে বিএনপিকে লক্ষ্য করে এ সব অপতথ্য ছড়ানো হয়।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। 

প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। 

ফ্যাক্টওয়াচ সে সব বিষয় নিয়মিতভাবে যাচাই করে, সত্য তুলে ধরছে ও গুজব প্রতিরোধে কাজ করছে।