শিরোনাম

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস): কুমিল্লা পলিটেকনিকে ৩ শিবির কর্মীর লাশ উদ্ধারের ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, কুমিল্লা পলিটেকনিকে ৩ শিবির কর্মীর লাশ উদ্ধারের তথ্যটি ভুয়া।
কুমিল্লার কাগজকে সূত্র হিসেবে ব্যবহার করে আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ‘কুমিল্লা পলিটেকনিকে ৩ শিবির কর্মীর লাশ উদ্ধার, আশেপাশের বাসার সবাই ওয়াইফাই চালু রাখুন ইন্টারনেট বন্ধ করে লাশ গুম করে দিচ্ছে’ তথ্যটি ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও সেখানে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। মূলত জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে কুমিল্লার কাগজকে সূত্র দেখিয়ে ৩ শিবির কর্মীর লাশ উদ্ধারের এই মিথ্যা তথ্যটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।