বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৫:৩২
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৫:৩৯

এআই ছবি ছড়িয়ে বাংলাদেশী হজযাত্রীদের দুর্ঘটনায় মৃত্যুর গুজব শনাক্ত: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : এআই এর সাহায্যে ছবি তৈরি করে, বাংলাদেশী হজযাত্রীদের দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে, গুজব সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, সড়ক দুর্ঘটনা-সদৃশ একটি ছবি সম্প্রতি ফেসবুকে শেয়ার করে এর ক্যাপশনে বলা হচ্ছে, হজযাত্রী নিয়ে গাড়িটি উল্টে গেছে। 

ওই ক্যাপশনে আরও বলা হচ্ছে, দুর্ঘটনায় নিহতদের সবাই বাংলাদেশী। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি এআই এর সাহায্যে বানানো। 

এ ছাড়া, এ বছর বাংলাদেশী হজযাত্রীদের দুর্ঘটনায় মৃত্যুর কোনো খবর মূলধারার সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সরকার গঠনের পর বিএনপিকে লক্ষ্য করে এ সব অপতথ্য ছড়ানো হয়।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। 

প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সে সব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে ও গুজব প্রতিরোধে কাজ করছে।