বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৯:২২
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ২১:০১

খাল খননের বিষয়ে ডা. জাহেদ উর রহমানের বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন : বাংলাফ্যাক্ট

ছবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : খাল খননের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের বক্তব্য একটি সংবাদমাধ্যমে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে আজ মঙ্গলবার প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘দেশের প্রায় অর্ধেক খালের খননকাজ শেষ’ যা প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমানের বরাতে উপস্থাপন করা হয়েছে। শিরোনামটি দেখে মনে হতে পারে, দেশের মোট খালের প্রায় অর্ধেক ইতোমধ্যেই খনন সম্পন্ন হয়েছে।

তবে সংশ্লিষ্ট প্রেস ব্রিফিং যাচাই করে দেখা যায়, ডা. জাহেদ উর রহমান ভিন্ন প্রেক্ষিতে কথা বলেছেন। তিনি জানান, কর্মসূচিভুক্ত খালের সংখ্যা ৬৪৫টি, যার মোট দৈর্ঘ্য ১ হাজার ২৬০ কিলোমিটার। এর মধ্যে খনন সম্পন্ন হয়েছে ৫৬১ কিলোমিটার, অর্থাৎ অগ্রগতি ৪৪.৫৫ শতাংশ।

তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘আমরা যেটা কর্মসূচির মধ্যে এনেছি, সেটার ৪৪.৫৫ শতাংশ, অর্থাৎ প্রায় অর্ধেক আমরা খনন করতে পেরেছি।’

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।