শিরোনাম

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে ছাত্রনেতা আবিদকে নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার।
সংস্থাটি জানায়, মেট্রো স্টেশনে হেনস্থার শিকার ব্যক্তি ছাত্রদলের আবিদ নন। ভাইরাল হওয়া কল রেকর্ডটিও পুরোনো এবং ভিন্ন ঘটনার।
রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেক অনুসন্ধান টিম বলেছে, ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা শনাক্ত করা হয়েছে।
তারা জানায়, আবিদ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা। তিনি বিগত ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী ছিলেন। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। ওই সময় রাজপথে গুলির মুখে থেকেও ‘কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ আহ্বান জানিয়ে সাহসিকতার পরিচয় দেন। ইতিবাচক কর্মকা- ও বক্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পান। তাকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হয়েছে বলেও জানায় সংস্থাটি।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে এসব অপতথ্যের মাধ্যমে বিএনপি ও নবনির্বাচিত সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
রিউমার স্ক্যানার দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে।
সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। দল হিসেবে সর্বোচ্চ ৩৬০টি গুজবের শিকার বিএনপি।