শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ওসমান হাদীর কবর সরানো ও অনির্দিষ্টকালের জন্য সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছেÑ এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবিযুক্ত ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ওসমান হাদীর কবর সরানো ও অনির্দিষ্টকালের জন্য সেখানে প্রবেশ নিষিদ্ধের তথ্যটি ভুয়া বলে শনাক্ত করা হয়েছে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ওসমান হাদীর কবর সরানো ও অনির্দিষ্টকালের জন্য সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছেÑ এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবিযুক্ত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ওসমান হাদীর কবর সরানো কিংবা অনির্দিষ্টকালের জন্য সেখানে প্রবেশ নিষিদ্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি।
গণমাধ্যম সূত্রেও এ সব দাবির সত্যতা পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি সঠিক নয়। এ রকম কোন নির্দেশনা দেওয়া হয়নি।’
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে এ সব অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।