বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৬

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি প্রথমে কোন দেশ সফর করবেন, সেটিও নির্ধারিত হয়নি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল (বুধবার) রাতে এ তথ্য জানান।

সম্প্রতি এ বিষয়ে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন।

এ প্রসঙ্গে আতিকুর রহমান রুমন বলেন, এসব তথ্য ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করতে এমন গুজব না ছড়ানোরও অনুরোধ করেন।

তিনি আরও বলেন, সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।