বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫০

আওয়ামী লীগ নেতাদের কারামুক্তির অপপ্রচার শনাক্ত : রিউমার স্ক্যানার

ছবি: রিউমার স্ক্যানার

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : আওয়ামী লীগ নেতারা কারামুক্ত হচ্ছেন- এমন দাবি করে এআই দিয়ে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আওয়ামী লীগ নেতারা কারামুক্ত হচ্ছেন’- এমন দাবিকে ভিত্তি করে এআই-নির্মিত ভুয়া ছবি ছড়ানো হচ্ছে।

রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেক টিম জানায়, এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা চলছে।

ফ্যাক্টচেকিং সংস্থাগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে এসব অপতথ্য ছড়ানো হচ্ছে।

সাম্প্রতিক নানা ইস্যুতে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে।

রিউমার স্ক্যানার জানায়, দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তারা কাজ করছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। আর দল হিসেবে সর্বোচ্চ ৩৬০টি গুজবের শিকার হয়েছে বিএনপি।