বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১০:১১

এআই জেনারেটেড ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা: রিউমার স্ক্যানার

ছবি: রিউমার স্ক্যানার

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ভোলার বাসিন্দা বিবি সাওদা ওরফে সাওদা সুমির হাতকড়া পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, থানায় হাতকড়া পরা অবস্থায় সাওদা সুমির যে ছবি ছড়ানো হয়েছে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

রিউমার স্ক্যানার জানায়, ‘সাওদা সুমি’ (ঝধড়িফধ ঝঁসর)’র ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পুলিশ তাকে আটক করে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়। ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গতকাল তার জামিন মঞ্জুর করেন।

তবে হাতকড়া পরা যে ছবিটি ছড়ানো হয়েছে, তা বাস্তব নয় বরং, এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার।

ফ্যাক্টচেকিং সংস্থাগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে এসব অপতথ্য ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে এসব গুজব বিশেষ করে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

রিউমার স্ক্যানার জানায়, দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং সঠিক তথ্য পৌঁছে দিতে তারা কাজ করছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। আর দল হিসেবে সর্বোচ্চ ৩৬০টি গুজবের শিকার হয়েছে বিএনপি।