শিরোনাম

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : মশারী নিয়ে তেল পাম্পে রাত্রিযাপনের ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানার জানায়, তেল পাম্পে মশারী টানিয়ে রাত্রিযাপনের দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়; এটি এআই-নির্মিত।
সংস্থাটির ফ্যাক্টচেক অনুসন্ধান টিম জানায়, ছবিটি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা ইস্যুতে বিএনপি ও নতুন সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে রিউমার স্ক্যানার কাজ করে যাচ্ছে।
সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল হিসেবেও সর্বোচ্চ ৩৬০টি গুজবের শিকার বিএনপি।