বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৭:১৯
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৭:২৩

ভিন্ন ঘটনা ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : হিন্দু ধর্মাবলম্বী নারীর ওপর হামলার দৃশ্য বলে ভিন্ন ঘটনা ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশের এক হিন্দু মা জিহাদিদের হামলা থেকে তার শিশু সন্তানকে রক্ষা করার জন্য লড়াই করছেন- এমন দাবি করে ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি হিন্দু ধর্মাবলম্বী নারীর ওপর হামলার দৃশ্য নয়। বরং, ভিডিওতে থাকা নারী মুসলিম। গত ২৫ মার্চ সুনামঞ্জের ছাতকে চুরির অভিযোগে তারেক মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে স্থানীয়রা হামলা করলে শিশুসন্তানকে কোলে নিয়ে সেই হামলা থেকে ঘরবাড়ি রক্ষার চেষ্টা করে তার স্ত্রী। এটি সেই ঘটনার দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।