শিরোনাম

ঢাকা, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে লঞ্চ দুর্ঘটনা নিয়ে গুজব ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, ১৮ মার্চ বিকেলে ঢাকার সদরঘাটে যাত্রা শুরুর মুহূর্তে দুটি লঞ্চের সংঘর্ষে কমপক্ষে দুই জন প্রাণ হারান। তবে এই ঘটনার কয়েকদিন আগেই মাঝ নদীতে দুটি যাত্রিবাহী লঞ্চ ডুবি হয়েছে ও অনেক যাত্রী হতাহত হয়েছেন দাবি করে-একটি সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিশ্লেষণে দেখা যায় এই দাবির সঙ্গে সামাজিক মাধ্যমে যেসব ছবি ছড়িয়ে পড়েছে, সেই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত। মূলধারার গণমাধ্যমেও লঞ্চডুবির কোনো সংবাদ দেখা যাচ্ছে না।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত ও সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে ও গুজব প্রতিরোধে কাজ করছে।