শিরোনাম

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : তুরস্কের কাহরামানমারাসের পাজারসিক জেলায় ২০২৩ সালে সংঘটিত ৭.৪ মাত্রার ভূমিকম্পের একটি ভিডিওকে ইরান-ইসরাইল যুদ্ধের দৃশ্য বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ এটি শনাক্ত করে।
ফ্যাক্টওয়াচ জানায়, ভাইরাল হওয়া ভিডিওটি ইরান-ইসরাইল যুদ্ধের নয়। এটি ২০২৩ সালে তুরস্কের কাহরামানমারাসের পাজারসিক জেলায় সংঘটিত ৭.৪ মাত্রার ভূমিকম্পের সময় ধারণ করা দৃশ্য।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, যাচাই-বাছাই করে তারা নিশ্চিত হয়েছে যে ভিডিওটি ভূমিকম্পের ঘটনার এবং সেটিকে ভুলভাবে ইরান-ইসরাইল যুদ্ধের দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় কিছু গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কয়েকটি ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
দেশে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ এসব তথ্য নিয়মিত যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।