বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১০:৪৫

বিয়ে বাড়িতে চাঁদাবাজির ঘটনাকে ‘জিজিয়া কর’ বলে ভারতীয় গণমাধ্যমে প্রচার: বাংলাফ্যাক্ট

ছবিঃ বংলা ফ্যাক্ট

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : বিয়ে বাড়িতে চাঁদাবাজির একটি ঘটনাকে ‘জিজিয়া কর’ হিসেবে উপস্থাপন করে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি ‘তারেক জমানায় জিজিয়া কর! চাঁদা না দেওয়ায় হিন্দু বিয়ে বাড়িতে হামলা সন্ত্রাসীদের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে ভারতীয় একটি গণমাধ্যম। সেখানে দাবি করা হয়, জিজিয়া কর না দেওয়ায় বিয়ে বাড়িতে হামলা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে বলেছে, দাবিটি সঠিক নয়। বিয়ে বাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘটিত হামলাকে ‘জিজিয়া কর’ না দেওয়ার কারণে হামলা হিসেবে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি প্রদীপ মণ্ডল বাংলাফ্যাক্টকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং ঘটনার সঙ্গে ‘জিজিয়া কর’-এর কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

বাংলাফ্যাক্ট হলো পিআইবির ফ্যাক্ট-চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা চালায়।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সংস্থাটি কাজ করছে।