বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪

যুবলীগ নেতার পরিবারকে গুলি করার দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো : ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : যুবলীগ নেতার পরিবারকে গুলি করার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও আসলে বাস্তব কোনো ঘটনা নয়, বরং এটি একটি ‘স্ক্রিপ্টেড’ বা সাজানো নাটক। 

এই ভিডিওর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘ফ্যাক্টওয়াচ’।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে বলা হচ্ছে, এটি একজন যুবলীগ নেতার স্ত্রী ও সন্তানকে গুলি করার দৃশ্য। ভিডিওটিতে দেখা যায়, চারপাশে গুলির শব্দের মধ্যে একজন নারী একটি শিশুকে নিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন এবং মেঝেতে গড়াগড়ি ও হামাগুড়ি দিতে থাকেন। তিনি বারবার হাত নেড়ে কাউকে থামার জন্য আকুতি জানান এবং একপর্যায়ে মেঝেতে লুটিয়ে পড়েন।

তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জানিয়েছে, এটি কোনো বাস্তব অপরাধের চিত্র নয়। ভিডিওতে একাধিকবার গুলির শব্দ শোনা গেলেও নারী বা শিশুর শরীরে কোনো আঘাত বা রক্তপাতের চিহ্ন দেখা যায়নি। এছাড়া রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা গেছে, ভিডিওটির মূল উৎস ভারত থেকে পরিচালিত ÔSony DeyiÕ  নামক একটি ফেইসবুক পেইজ। গত ২১ ফেব্রুয়ারি সেখানে ভিডিওটি প্রথম আপলোড করা হয়। ওই পেইজটি পর্যালোচনা করে দেখা গেছে, তারা নিয়মিত এ ধরনের কৃত্রিম গুলির শব্দ ব্যবহার করে নাটকীয় ভিডিও তৈরি করে থাকে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি বাস্তব ঘটনার নয়, এটি সাজানো। তাই, বাস্তব ঘটনার দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নিয়মিত যাচাই করে সত্য তুলে ধরছে ফ্যাক্টওয়াচ।